অটলতার জন্য প্রার্থনা (#8391)

হে  তুমি, যাহার নৈকট্য আমার একমাত্র অভিলাষ, যাহার উপস্থিতি আমার একমাত্র আশা, যাহার স্বরণ আমার একমাত্র ভরসা, যাহার প্রভার প্রাঙ্গণ আমার একমাত্র লক্ষ্যস্থল, যাহার বাসস্থান আমার একমাত্র লক্ষ্য, যাহার নাম আমার আরোগ্য, যাহার প্রেম আমার অন্তরের উজ্জ্বলতা, যাহার সেবা আমার উচ্চতম আকাংখা।
	আমি তোমার নিকট সবিনয় প্রার্থনা করিতেছি, -তোমার পবিত্র নামের সহায়তায় যাহার মধ্য দিয়া তুমি, যাহারা তোমাকে চিনিয়া লইয়াছে, তাহাদিগকে তোমার সমন্ধে জ্ঞানের উচ্চতম শীর্ষে উড্ডয়ন করিতে সামর্থ্য প্রদান করিয়াছ এবং যাহারা আন্তরিক ভক্তিভাবে তোমার অর্চনা করে, তাহাদিগকে তোমার পবিত্র অনুগ্রহ সমুহের প্রাঙ্গনের সীমার মধ্যে আরোহণ করিতে শক্তিদান করিয়াছ, যেন তোমার আননের দিকে আমার মুখ ফিরাইতে, তোমার প্রতি আমার চক্ষুদ্বয় নিবদ্ধ করিতে এবং তোমার প্রভার প্রশংসা-গান করিতে তুমি আমাকে সাহায্য দান কর।
আমি সেই ব্যক্তি, হে আমার পরম প্রভু, যে তুমি ব্যতীত আর সকলকে ভুলিয়া গিয়াছে এবং তোমার অনুকম্পার প্রভাতিক তারকার দিকে মুখ ফিরাইয়াছে, যে তোমার দরবারের নৈকট্য লাভের আশায় তুমি ব্যতীত আর সকলকে পরিত্যাগ করিয়াছে। অতঃপর আমার চক্ষুদ্বয়, তোমার সেই পবিত্র সিংহাসনের দিকে, -যাহা তোমার পবিত্র আননের আলোকের উজ্জ্বলতা সমূহের সহিত দীপ্তি প্রদান করে, -উত্তোলিত অবলোকন করিবে। অতঃপর, হে আমার প্রিয়জন, আমার জন্য তাহাই অবতীর্ণ কর, যাহা তোমার প্রত্যাদেশ ধর্মে অটল থাকিতে আমাকে সক্ষম করিবে, যেন অবিশ্বাসীদের সন্দেহাদি তোমার দিকে প্রত্যাবর্তন করিতে বাধা প্রদান করিতে না পারে। তুমি, সত্য সত্যই, শক্তিশালী, প্রভু, বিপদের সাহায্যকারী, সর্ব প্রভাময়, সর্বশক্তিমান।

-Bahá'u'lláh
-----------------------

অটলতার জন্য প্রার্থনা (#8392)

হে পরম কারুণিক প্রভু। তোমাকে ধন্যবাদ, যেহেতু তুমি আমাকে জাগ্রত ও সচেতন করিয়াছ, তুমি আমাকে দৃষ্টিশক্তিসষ্পন্ন চক্ষু প্রদান করিয়াছ এবং আমাকে একটি শ্রবণ-শক্তি সম্পন্ন কর্ণ প্রদান করিয়াছ, তোমার রাজত্বের দিকে চালাইয়া নিয়াছ এবং তোমার সত্য পথের দিকে আমাকে পরিচালিত করিয়াছ। তুমি আমাকে সঠিক পথ প্রদর্শন করিয়াছ এবং আমাকে মুক্তির নৌকায় আরোহণ করাইয়াছ। হে প্রভু আমাকে অটল রাখ এবং আমাকে সুদৃঢ়ভাবে সুরক্ষিত দুর্গে সংরক্ষণ কর ও আশ্রয় দান কর। তুমিই শক্তিশালী, তুমিই দৃষ্টি-শক্তিমান, তুমি শ্রবণ-শক্তিশালী, হে পরম করুনাময় প্রভু। আমাকে এমন একটি অন্তর প্রদান কর যাহা কাঁচের ন্যায় স্বচ্ছ, যাহা তোমার প্রেমের আলোকে আলোকিত হইতে পারে এবং আমার মধ্যে এইরূপ একটি বিবেচনা-শক্তি প্রদান কর যাহা আধ্যাত্মিক দানের মধ্য দিয়া এই পৃথিবীকে একটি গোলাপ উদ্যানে পরিবর্তিত করিতে পারে। তুমি পরম করুণাময়, পরম দয়ালু, তুমিই পরম দানশীল ঈশ্বর।

-Bahá'u'lláh
-----------------------

অটলতার জন্য প্রার্থনা (#8397)

হে তুমি যাঁহার মুখমন্ডল আমার আরাধনার একমাত্র লক্ষ্য, যাঁহার সুষমা আমার পবিত্র আশ্রয়স্থল, যাঁহার বাসস্থান আমার গন্তব্যস্থল, যাঁহার প্রশংসা-স্তুতি আমার একমাত্র ভরসা, যাঁহার বিধাতৃত্ব আমার একমাত্র সহচর, যাঁহার স্বরণ আমার একমাত্র সান্তনা, যাঁহার নৈকট্য আমার একমাত্র বাঞ্ছিত দ্রব্য, যাঁহার উপস্থিতি আমার সর্বাপেক্ষা প্রিয় অভিলাষ এবং উচ্চতম আকাঙ্খা। আমি তোমার নিকট অনুনয় বিনয় করিতেছি, তুমি আমার নিকট হইতে ঐ সমুদয় দ্রব্য প্রতিরোধ করিও না যাহা তুমি তোমার মনোনীত সেবকগণের জন্য ব্যবস্থা করিয়াছ। অতএব, এই পৃথিবী ও পরবর্তী পৃথিবীর মঙ্গলাদি আমার জন্য পরিপূর্ণ কর।
	বাস্তবিক তুমিই সকল মানবের সম্রাট। তুমি ব্যতীত উপাস্য নাই। তুমি চিরক্ষমাশীল, পরম দয়ালু।

-Bahá'u'lláh
-----------------------

